প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের দেশ পরিচালনায় সাফল্য, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা নিয়ে ‘দেশ পরিচালনায় সাফল্য ও আগামীর প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজারসংলগ্ন বাস্কো নিউ লাইফ একাডেমির সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী, ধূলজোড়া ও সারন্দী এলাকার বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন, বিএনপি নেতা ও সিরাজ ডিজিটাল ল্যাব এবং এনৃড হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম, পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ মেম্বার এবং শেখর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জাকির হোসেন মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের ছয় মাসের সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে তারা বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
বক্তারা বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার পর্যায়ক্রমে কাজ করছে। কৃষি খাতকে আরও শক্তিশালী করা, কৃষকদের সহায়তা প্রদান, ফ্যামিলি কার্ড চালু এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সামাজিক নিরাপত্তামূলক ভাতা ও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সভায় বক্তারা তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তারা বলেন, তারেক রহমান তরুণ প্রজন্মের কাছে নতুন প্রত্যাশার প্রতীক। একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে তিনি দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। আগামী দিনে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, বিগত সরকার দেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সংকটের মধ্যে রেখে গেছে। সেই পরিস্থিতি থেকে দেশকে পুনর্গঠন করে সামনে এগিয়ে নিতে বিএনপি সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল ধীরে ধীরে সাধারণ মানুষ পেতে শুরু করেছে বলেও দাবি করেন তারা।
তারা বলেন, শুধু রাজধানীকেন্দ্রিক উন্নয়ন নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে। কৃষক, শ্রমিক, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
আলোচনা সভায় আগামী দিনে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা ও দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।