প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি মার্কেটের ছাদ থেকে পড়ে ৬৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পৌরসভার আজহার মার্কেটের সামনে স্টেশন রোড থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ওই নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং বেশ কিছুদিন ধরে বোয়ালমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে আজহার মার্কেটের সামনে স্টেশন রোডে ওই নারীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বোয়ালমারী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
পরে স্থানীয় একটি মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে ওই নারী কাজী আব্দুর রশিদ মার্কেটের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার ছাদে ওঠেন। এরপর ভোর ৪টা ১৯ মিনিটের দিকে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। ওই সময় স্টেশন রোড দিয়ে একটি ইজিবাইক যাওয়ার সময় তার আলোতে ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় আংশিকভাবে ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পড়ে যাওয়ার সময় মাথায় আঘাত লেগে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী কাজী রায়হান বলেন, ‘ওই নারী আমাদের মার্কেটের সিঁড়ি দিয়ে ছাদে উঠেছিলেন। সিসিটিভি ফুটেজ দেখার পর বিষয়টি আমরা জানতে পারি। ভোরের দিকে তিনি ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখি।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কিছুদিন ধরে তাকে বোয়ালমারী বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ওই নারী একটি মার্কেটের সিঁড়ি দিয়ে ছাদে ওঠেন। পরে ছাদ থেকে নিচে পড়ে যান। লাশটি ময়না তদন্তের পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পোস্টমর্টেমে জন্য পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।