প্রিন্ট ভিউ
এস এম রুবেল : আনন্দ-উৎসব, পূজা-অর্চনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষে বিসর্জনের বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা। প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে উপজেলার ১২৬টি পূজামণ্ডপে ধাপে ধাপে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। উৎসবের শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল উপজেলা প্রশাসন ও পুলিশ।
উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গও উৎসবের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখেন। সবার সম্মিলিত সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উৎসবে অংশ নেওয়া হিন্দুধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার তাঁরা দ্বিগুণ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করেছেন। পূজার দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি। তবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটায় তাঁদের মধ্যে আনন্দের পাশাপাশি বিষাদের অনুভূতিও দেখা যায়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা নজরদারি করেছেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এত বড় ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পেরেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বোয়ালমারীতে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।