প্রিন্ট ভিউ
নিজেস্ব প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর সুবাস সাহার বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে অন্ন, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে তাঁর এ উদ্যোগে উপকৃত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজার প্রথম দিন থেকেই সুবাস সাহা তাঁর বাড়িতে আগত অসহায় মানুষের মধ্যে খাবার, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন। পূজা চলাকালে বাড়িতে আসা ভক্ত, দর্শনার্থী ও অতিথিদের জন্যও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অষ্টমী ও নবমীতে পূজামণ্ডপে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। পূজাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সোমবার সুবাস সাহার বাড়িতে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের হাতে শাড়ি, লুঙ্গি, ধুতিসহ বিভিন্ন ধরনের বস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিতরণ করা হয় নগদ অর্থ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুবাস সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ফরিদপুর -১ এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান,
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা: কাজেম উদ্দীন, পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মিয়াজী, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বোয়ালমারীতে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এবার বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে তাঁরা শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে উৎসব পালন করতে পারবেন বলে আশা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উৎসবের দিনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।
সুবাস সাহা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। দুর্গাপূজার আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
সুবাস সাহার ছেলে সুব্রত সাহা ও মেয়ে মিতা সাহা যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁদের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সব মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন এই সমাজসেবক।