প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে থানার সামনের একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিকের অভিযোগ, টিনের চালের স্ক্রু খুলে দোকানে প্রবেশ করে দামি ব্র্যান্ডের সিগারেট ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দোকানমালিক বিপ্লব মোল্যা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান বিপ্লব মোল্যা। পরদিন শনিবার সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে টিনের চালের স্ক্রু খোলা দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির দৃশ্য দেখতে পান বলে জানান দোকানমালিক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার থানা রোড এলাকায় বিপ্লব মোল্যার মুদি দোকানটি অবস্থিত। দোকানমালিকের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নিজের পরনের কালো গেঞ্জি খুলে মাথা ঢেকে দোকানের ভেতরে প্রবেশ করেন। এরপর দামি ব্র্যান্ডের সিগারেট ও নগদ টাকা নিয়ে যান। চোর দোকানের একটি সিসিটিভি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দেন। পরে টিনের চালের ওপর দিয়ে বেরিয়ে যান।
স্থানীয় দোকানদার মাহবুব আলম বলেন, সকালে দোকানে এসে বিপ্লবের দোকান খোলার পর বিষয়টি জানতে পারেন। পরে সেখানে গিয়ে টিনের চাল খোলা অবস্থায় দেখতে পান। বিপ্লবকে ফোন করে ডেকে আনা হলে তিনি প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরির কথা জানান।
আরেক দোকানদার রোমান মোল্লা বলেন, থানার সামনের দোকানে যদি এভাবে চুরি হয়, তাহলে আমরা কীভাবে ব্যবসা করব? পুলিশ প্রশাসনের উচিত দ্রুত চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা।
দোকানমালিক বিপ্লব মোল্যা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকালে জানতে পারি, আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি, টিনের চালের স্ক্রু খুলে চোর ভেতরে ঢুকেছে। একটি সিসিটিভি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দিয়েছে। অন্য ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য দেখা যায়। আমার দোকান থেকে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। থানার এলাকায় থেকেও যদি নিরাপত্তা না পাই, তাহলে কীভাবে ব্যবসা করব? আমি চাই, চোরকে আটক করে আমার মালামাল উদ্ধার করা হোক।
বোয়ালমারী বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু বলেন, বিষয়টি শুনে আমরা দুঃখ প্রকাশ করেছি। দোকানমালিকদের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেক দোকানদারের নিরাপত্তায় পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের ব্যবস্থা নেওয়া হবে।