প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গণপতি চক্রবর্তী জুয়েলের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির ঘটনা থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে ওই বাড়ি থেকে পরিবারের কাউকে বাইরে বের হতে দেখা যায়নি। একই সঙ্গে বাড়িতে কোনো আলোও জ্বলতে দেখা না যাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সিঁড়ির গেটের তালা ভেঙে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করেন। সেখানে পরিবারের চার সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, গৃহকর্তা গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা ও মেয়ে প্রার্থী চক্রবর্তীর মরদেহ সিঁড়িঘরে পড়ে ছিল। অন্যদিকে ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ একটি খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, ‘আপাতত ধারণা করছি, তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। ডাকাতির ঘটনা থেকেও এমনটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।