• ঢাকা
  • রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৭:০৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ, বোয়ালমারীতে সংবাদ সম্মেলন

রিপোর্টার : শারমিন আক্তার
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ অভিযোগ, বোয়ালমারীতে সংবাদ সম্মেলন প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাতৈর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা কথিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে ইমরান হোসেনের প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সাতৈর ইউনিয়ন বিএনপির নেতা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মুক্তার হোসেন এবং যুবদল নেতা ও ব্যবসায়ী ইমরান হোসেনকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এতে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, ‘এমডি রাসেল’ নামে একটি ফেসবুক আইডি থেকে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) মুক্তার হোসেন ও ইমরান হোসেনকে জড়িয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়। তাদের দাবি, পোস্টটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা ওই পোস্টের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, এ ধরনের পোস্টের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, একই ফেসবুক আইডি থেকে স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিপূর্ণ ও রুচিহীন মন্তব্যও প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা কথিত ফেসবুক আইডিটির পেছনে কারা রয়েছে, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফেসবুক আইডির পরিচালনাকারী বা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমরান হোসেন, বিএনপি নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী মো. মুক্তার হোসেন, মো. হারেজ মাতুব্বর, মান্দার মেম্বার, শহিদুল ইসলাম, কুদ্দুস শেখ, রতন মাতুব্বর, হাবিব শেখ, রুবেল মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন