• ঢাকা
  • বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ভোর ০৪:৫৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই

রিপোর্টার : শারমিন আক্তার
দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: দেশ ও জাতির উন্নয়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির নবনিযুক্ত সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশার দেশ গড়ার প্রত্যয়ে ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সুস্থ, মেধাবী ও দক্ষ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে শিক্ষা। তাই দেশ ও জাতির উন্নয়নে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ বা গ্রুপিং না রেখে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সময় মোবাইল ফোন সঙ্গে না আনার নির্দেশনা দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক ও ধূমপান থেকে সম্পূর্ণ দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; তাকে ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে নবনিযুক্ত সভাপতি বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। তিনি শিক্ষকদের প্রাইভেট পড়ানোর প্রবণতা বন্ধ করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বোয়ালমারী জর্জ একাডেমি থেকে মোট ২৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে প্রাইজবন্ড তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন