প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখ আসমান থেকে কালো চিল নামতে পারে, ছোঁ মেরে ভোট নিয়ে নেয়ার জন্য। আবার জমিন থেকেও শুরু হতে পারে কোনো অপতৎপরতা। মহান আল্লাহ তায়ালার নিকট আশ্রয় চাই এই দুই ওয়াসওসা থেকে- মাহন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।” তিনি যুবকদের উদ্দেশে বলেন, “তোমাদের জেগে থাকতে হবে।” শুক্রবার রাত সাড়ে সাতটায় বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন, আগে একটি স্লোগান ছিল- “আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব”, কিন্তু সেই স্লোগানের সময় শেষ। এখন হবে- “যার ভোট সেই দিবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ভোটের উপর কেউ যদি হাত বাড়ায়, কালো চিল হয়ে আসে, তাহলে তার ডানা খুলে ফেলতে হবে, রুখে দিতে হবে। কোনো কিছু এবার তাইরে নাইরে বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, তারা দেহ-মন-প্রাণ উজাড় করে তাকে অভিনন্দন জানাবেন। কিন্তু এর বাইরে গিয়ে কিছু চাপিয়ে দেয়া হলে তা মেনে নেয়া হবে না, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, অনেকেই নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় সম্পদকে শ্বশুরবাড়ির সম্পত্তি মনে করে খরচ করেন। “এখন আর সেটা করতে পারবেন না,” বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঠিক আছেন তো? শেখ ফরিদ সাহেবের এলাকার মানুষ আপনারা। বহু এলাকার সমস্যা রয়েছে। আমরা কথা দিচ্ছি, মহান আল্লাহু রাব্বুল আলামিন যদি জাতির আমানতের বোঝা আমাদের উপর দেন, আমরা তা ইমানের সাথে গ্রহণ করবো- এবং সমাধান করবো।”
এসময় তিনি আরও বলেন, “বারো তারিখের প্রথম ভোট দাঁড়িপাল্লায়, আর গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। তাই আমরা হ্যাঁ ভোট দেব। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।”
তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো দলীয় সরকার চাই না, পরিবারতান্ত্রিক সরকার চাই না, গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমি চাই জনগণের সরকার, আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।”
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, “ধর্ম-বর্ণে জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না। এ বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ ফুলের মালা গলায় দিয়ে একসাথে বসবাস করবে। স্ব স্ব ধর্মের মানুষ তাদের মনের মাধুরি দিয়ে ধর্ম পালন করবে—সেখানে কেউ বাধা দেয়ার দূরসাহস দেখাতে পারবে না।”
সমাবেশে তিনি ফরিদপুর–১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে বলেন, “শক্ত করে ধরেন, জাতির ভার নিতে হবে ভাই।” পরে তিনি দাঁড়িপাল্লার স্লোগান তুলে জনগণের উদ্দেশ্যে বলেন, “বিজয় ঘরে নিয়ে ফিরবেন। আর কেউ ঘুমাতে পারবেন না। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো।”