• ঢাকা
  • বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , রাত ০৩:৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে সাতৈর বাইপাস সড়ক অবরোধ করেছে এলাকাবাসী

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে সাতৈর বাইপাস সড়ক অবরোধ করেছে এলাকাবাসী প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে দীর্ঘ ৯ বছরেও ওভারপাস নির্মাণ কাজ শেষ না হওয়া এবং লিজকৃত জমির বকেয়া পরিশোধ না করায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। অবশেষে নিজেদের জমি রক্ষায় সাতৈর ইউনিয়নের বড়নগর এলাকায় বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ভুক্তভোগী পরিবারগুলো।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বড়নগর গ্রামের বাইপাস সড়কে গাছ ফেলে ও সড়কের ইট তুলে নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন এলাকাবাসী। এতে ওই সড়কে সৃষ্টি হয় চরম ভোগান্তি।

সরেজমিনে জানা যায়, ২০১৭ সালের ১৪ মার্চ রেলগেটে ওভারপাস নির্মাণের কথা বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুই বছরের জন্য জমি লিজ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই লিজের মেয়াদ অনেক আগেই শেষ হলেও প্রায় ৯ বছর পার হয়ে গেলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। শুধু তাই নয়, জমির ভাড়া বাবদ বকেয়া অর্থও পরিশোধ করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এদিকে দীর্ঘদিন ধরে বাইপাস সড়কে চলাচলকারী যানবাহনের ধূলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সড়কের পাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি দিলেও ধূলা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দা মিলন শেখ বলেন, দুই বছরের জন্য জমি দিয়েছিলাম, কিন্তু ৯ বছরেও কাজ শেষ হয়নি। আমাদের পাওনা টাকা পরিশোধ করতে হবে, আর প্রতিদিন রাস্তায় পানি দিয়ে ধূলা কমাতে হবে।

আরেক ভুক্তভোগী বাদশা শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়নের জন্য জমি দিয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমরা প্রতারিত হয়েছি। সাত বছরের বকেয়া টাকা না দিলে আমরা আর এই সড়ক ব্যবহার করতে দেব না।

ওভারপাস নির্মাণে নিয়োজিত প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের ম্যানেজার আব্দুল হামিদ খান বলেন, এই প্রকল্পে আগে কয়েকটি কোম্পানি কাজ ছেড়ে চলে গেছে। বর্তমানে আমরা কাজ করছি। তবে বাইপাস সড়ক আমাদের দায়িত্ব নয়, এটি রোডস অ্যান্ড হাইওয়ের অধীনে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। রোডস অ্যান্ড হাইওয়ের সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার মীর্জা নুরুল কবীর বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আপাতত সড়কের অবরোধ তুলে নেওয়া হয়েছে। আগামীকাল জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন