প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় অভিমান ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (সকাল) পৌরসভার মিঠাপুর-ধলারচর গ্রামের বক্কারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছরিন (৩৮) সৌদি প্রবাসী ও ধলারচর গ্রামের জাবেদ ওরফে বিশু শেখের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী সৌদি আরবে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাত থেকে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে বাকবিতণ্ডা শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে নাছরিন নিজ শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং ভিডিও কলে স্বামীর সঙ্গে যুক্ত অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
নিহতের ছেলে খালেদ শেখ জানান, রাতভর বাবা-মায়ের মধ্যে ঝগড়া চলছিল। সকালে মা ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে দরজার ফাঁক দিয়ে দেখি মা ফ্যানের সঙ্গে ঝুলে আছে। খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শিরিনা বেগম অভিযোগ করে বলেন, জামাইয়ের পরকীয়ার কারণে আমার মেয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না। মানসিক কষ্ট সহ্য করতে না পেরে সে এই পথ বেছে নিয়েছে।
তবে নিহতের বাবা মোশাররফ শেখ জানান, আমাদের কোনো অভিযোগ নেই। স্বামীর সঙ্গে তর্কাতর্কির জেরে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলছেন, একটি সুখী পরিবার এভাবে ভেঙে যাবে, তা কখনো ভাবিনি।
আলফাডাঙ্গা থানার ওসি হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।