প্রিন্ট ভিউ
আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বাজারে কৃষকদের জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগী কৃষক ও সংশ্লিষ্ট ডিলার সৈয়দ মোহাম্মদ আলী।
গত ১৬ এপ্রিল বিভিন্ন ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, মালা বাজারের খুচরা ডিলার সৈয়দ মোহাম্মদ আলী সরকারি নির্দেশনা অমান্য করে জনপ্রতি ৫ লিটারের পরিবর্তে ১৫-২০ লিটার তেল বিতরণ করছেন এবং পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার এক ব্যক্তির কাছে তেল বিক্রি করছেন।
স্থানীয়বাসী জানান, এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা। টিটা গ্রামের শিক্ষক মো. মোরশেদ শেখসহ একাধিক সুবিধাভোগী কৃষক জানান, সৈয়দ মোহাম্মদ আলী একজন অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার জন্য এই ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়েছে। এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
অভিযুক্ত ডিলার সৈয়দ মোহাম্মদ আলী বলেন, "আমি নিয়ম মেনেই কৃষকদের মাঝে তেল বিতরণ করে আসছি। আমার সুনাম ক্ষুণ্ণ করতে ভিডিওটি কাটছাঁট করে বা ভুল ব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এই ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" তিনি আগামী দিনগুলোতেও সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।
এলাকাবাসীর মতে, সরকারি বরাদ্দের সঠিক বণ্টন বাধাগ্রস্ত করতেই একটি চক্র পরিকল্পিতভাবে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা তদন্ত সাপেক্ষে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।