প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন পেশার শ্রমিক, শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই তাদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বোয়ালমারী শ্রমিক ইউনিয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক নজরুল শেখ ও দপ্তর সম্পাদক বাবুল মোল্যা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।