• ঢাকা
  • রবিবার , ৩ মে ২০২৬ , বিকাল ০৫:৩১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান- নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

রিপোর্টার : এস এম রবিউল ইসলাম রুবেল
গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান-  নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু প্রিন্ট ভিউ

এস এম রবিউল ইসলাম রুবেল : ফরিদপুরের নগরকান্দায় গুজব ছড়িয়ে বোয়ালমারীর বাসিন্দা ট্রাকচালক হান্নানকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত হান্নান শেখ (২৯) বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর উত্তরপাড়া গ্রামের শাহিদ শেখের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান শেখ সালথা উপজেলা থেকে ট্রাক নিয়ে ফরিদপুর ফিরছিলেন। পথে গট্রী এলাকায় কয়েকজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছেন এমন অভিযোগ ওঠে। এ সময় মোটরসাইকেলে করে একদল লোক ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে ট্রাকটি ২০ জনকে চাপা দিয়ে হত্যা করেছে -এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং জনমনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

পরে বিলনালিয়া মোড়ে স্থানীয়রা ইট ও ব্লক ফেলে রাস্তা অবরোধ করে। বাধা অতিক্রম করে ট্রাকটি এগিয়ে যাওয়ার সময় পাশের একটি দোকানের ইটের বেঞ্চে ধাক্কা লাগে। এ সময় পিছু নেওয়া মোটরসাইকেল আরোহী ও স্থানীয় জনতা ট্রাকটি থামিয়ে চালককে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।

গুরুতর আহত অবস্থায় হান্নান শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার নাঈম (২২) ও আল-আমিন (২৫)। তারা বর্তমানে চিকিৎসাধীন।

নিহতের স্ত্রী আরিফা বেগম বলেন, আমার স্বামী ট্রাক চালাতেন। শুনেছি তার গাড়িতে কয়েকজন আহত হয়েছিল। কিন্তু ২০ জন নিহত হওয়ার গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার দুই বছরের মেয়ে রয়েছে, এখন আমরা কীভাবে বাঁচবো?

নিহতের বাবা শাহিদ শেখ বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করা যেত। কিন্তু তা না করে গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন