প্রিন্ট ভিউ
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকায় পুকুরপাড় থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার হওয়া মা জাহানারা বেগম ও তার শিশু কন্যা সামিয়া আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জাহানারার পরকীয়া প্রেমিক উজ্জ্বল খান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে কোতয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বকারটিলা এলাকা থেকে উজ্জ্বল খানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ জানায়, গত তিন বছর ধরে উজ্জ্বল খানের সঙ্গে জাহানারার পরকীয়া সম্পর্ক ছিল। গত ৪ মে মেয়েকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে বিয়ে নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উজ্জ্বল প্রথমে জাহানারাকে হত্যা করে। পরে ঘটনাস্থলে থাকা শিশু কন্যাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ দুটি গুম করতে পুকুরপাড়ে মাটি চাপা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।