• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১১ জুন ২০২৬ , রাত ০৩:১২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাশিয়ানীতে বৈশাখী মেলার আড়ালে অশ্লীল নৃত্য ও লটারির নামে জুয়ার আসর যুব সমাজ ধ্বংসের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সচেতন মহলের

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
কাশিয়ানীতে বৈশাখী মেলার আড়ালে অশ্লীল নৃত্য ও লটারির নামে জুয়ার আসর  যুব সমাজ ধ্বংসের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সচেতন মহলের প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৈশাখী মেলার নামে অশ্লীল নৃত্য, জুয়ার আসর ও নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এ মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, মেলার নামে প্রকাশ্যে অশ্লীলতা ও জুয়া চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ব্যাসপুর এলাকায় কয়েকদিন আগে এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। শুরুতে সাধারণ বিনোদনের কথা বলা হলেও বর্তমানে মেলাটি অশ্লীল নৃত্য, লটারির নামে জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলার ভেতরে সার্কাস ও যাত্রাপালার নামে চলে অশালীন নৃত্য পরিবেশন। স্টেজে কয়েকজন নারী খোলামেলা পোশাকে অশ্লীল অঙ্গভঙ্গিতে নৃত্য পরিবেশন করেন। এসব অনুষ্ঠান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিশোর, তরুণ, মধ্যবয়সী এমনকি বৃদ্ধরাও ভিড় জমাচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, এতে করে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।

অভিযোগ রয়েছে, মেলার ভেতরে ‘লাকি কুপন’ ও লটারির নামে প্রকাশ্যে জুয়ার আসর বসানো হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র কাশিয়ানী, মুকসুদপুর, বোয়ালমারী, আলফাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ২০ টাকা মূল্যের টিকিট বিক্রি করছে। নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, “মেলার নামে প্রকাশ্যে অশ্লীল নৃত্য ও জুয়ার পরিবেশ তৈরি করা হয়েছে। কিশোর ও তরুণরা এসব দেখে বিপথে যাচ্ছে। সমাজে ইভটিজিং, নারী নির্যাতন ও অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ এসব অশ্লীল আয়োজন।”

স্থানীয়দের অভিযোগ, মেলা প্রাঙ্গণের পাশে যানবাহন রাখার জন্য আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে দর্শনার্থীরাও ভোগান্তিতে পড়ছেন।

এদিকে সচেতন মহলের দাবি, প্রশাসনের চোখের সামনেই এসব অপকর্ম চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। তারা দ্রুত মেলায় অশ্লীলতা ও জুয়ার আসর বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা প্রশাসন এর নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে কাশিয়ানী থানা এর অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জাতীয়

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন