প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বিকালে, আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা ওঠে।
জাতীয় পতাকা উত্তোলন ও খেলোয়াড়দের পরিচিতি পর্বের মাধ্যমে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমি।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি), ফকির মোঃ তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার, উপজেলা পি আই ও মোঃ সৈকত হোসেন সাগর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী রেদওয়ান, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানসহ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলার উপস্থাপনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রফেসর মাহিদুল হক ও মিলন কুমার সরকার,
উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপভোগ করতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করতেই এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।