প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাইখীর এলাকার আব্দুর রাজ্জাক একাডেমি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
চতুল ইউনিয়ন বিএনপির আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহীন।
উপজেলা বিএনপির সহ-সভাপতির সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল ঠাকুর।
বক্তারা জানান, আগামী ২৭ জুন চতুল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হবে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, দলের দুর্দিনে যারা বিএনপির সঙ্গে ছিলেন, আন্দোলন-সংগ্রাম ও মিছিল-মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দল ত্যাগ করেননি, তাদেরই মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে তারাই দলের নেতৃত্বে আসবেন।
তারা আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র বা অন্য প্রতীকে নির্বাচন করেছেন, তাদেরকে দলের কোনো পদে রাখা হবে না। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে আরও সুসংগঠিত করা হবে।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।