• ঢাকা
  • শনিবার , ২৭ জুন ২০২৬ , রাত ০২:৩১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার : শারমিন আক্তার
বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে আমির হামজা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা ওই গ্রামের সিরাজ শেখের ছেলে।সরেজমিনে গিয়ে জানা যায়, পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে আমির হামজা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

নিহতের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে ধার-দেনা করে আমির হামজাকে কাতারে পাঠানো হয়। সেখানে ৯ মাস অবস্থান করেও কোনো কাজ না পাওয়ায় তিনি দেশে ফিরে আসেন। পরে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ধার-দেনার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর তার স্ত্রী ও মা রান্নার কাজে গেলে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন।

নিহতের স্ত্রী দোলেনা বলেন, আমার স্বামী কাতারে গিয়েছিল। পরে কাজ না পেয়ে দেশে ফিরে আসে। এরপর এলাকায় রাজমিস্ত্রীর কাজ করত। সকালে আমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল। তবে বড় কোনো সমস্যা ছিল না। ও কেন এমন করল বুঝতে পারছি না। এখন তিন বছর বয়সী ছেলেকে নিয়ে কীভাবে চলব।

নিহতের বোন নার্গিস বলেন, সকালে মোবাইল ফোন চার্জ দিতে গেলে দেখি দরজা বন্ধ। পরে জানালার ফাঁক দিয়ে দেখি সে আড়ার সঙ্গে ঝুলছে। পরে দরজা ও বেড়া ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করা হয়। সে শারীরিক ও মানসিক সমস্যায়ও ভুগছিল।

নিহতের বাবা সিরাজ শেখ বলেন, আমি মাঠে কাজে গিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখি আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে। আমার একমাত্র ছেলে ছিল, সেও চলে গেল।

স্থানীয়রা জানান, আমির হামজা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও নানা সমস্যায় ভুগছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন