• ঢাকা
  • শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০১:১৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে কবরস্থানের ছন ও আবর্জনায় আগুন, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
আলফাডাঙ্গায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে কবরস্থানের ছন ও আবর্জনায় আগুন, সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি কবরস্থানে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে অসাবধানতাবশত কবরস্থানে থাকা শুকনো ছন ও আবর্জনায় আগুন লাগে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে প্রকৃত ঘটনা আড়ালে চলে গিয়ে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে কবরস্থান পরিচালনা কমিটি। এ ঘটনায় কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, নওপাড়া ও কুচিয়াগ্রামের যৌথ ঈদগাহ ও কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে কবরস্থানের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় কবরস্থানের পাশে একটি গাছে বড় আকৃতির ভীমরুলের চাক দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, গত বছর ওই ভীমরুলের কামড়ে একটি ঘোড়া মারা গিয়েছিল। পরে ভীমরুলের চাকটি পুড়িয়ে ধ্বংস করার সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে কবরস্থানে থাকা শুকনো ছন ও আবর্জনায় আগুন ধরে যায়।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক মোল্যা বলেন, কবরস্থান পরিষ্কারের জন্য প্রথমে ঘাসমারা ওষুধ প্রয়োগ করা হয়। পরে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

কবরস্থান পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্বাস চোকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন ছড়িয়ে পড়তে দেখি। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাদের ধারণা, ভীমরুলের চাক পোড়ানোর সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে। কবরস্থান বা ঈদগাহকে কেন্দ্র করে এলাকায় কোনো বিরোধ বা অপ্রীতিকর পরিস্থিতি নেই।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সমীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, ভীমরুলের চাক পোড়ানোর সময় আগুন লাগে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন