• ঢাকা
  • শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০২:১৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত ২০

রিপোর্টার : শারমিন আক্তার
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত ২০ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ইসমাইল মুন্সীর ভাগ্নে শরিয়াতুল্লাহকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এ সময় সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ভাঙ্গাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন