• ঢাকা
  • শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০২:১২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে পুঁইশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে পাটখেতে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
বোয়ালমারীতে পুঁইশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে পাটখেতে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে পুঁইশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে মাঠের ভেতরে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে পাটখেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেছে।

গত মঙ্গলবার (২২ জুন) বিকেলে উপজেলার গুণবহা ইউনিয়নের আখালীপাড়া গ্রামের মাঠের একটি পাটখেতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আখালীপাড়া গ্রামের মতিয়ার শেখের ছেলে মুকুল শেখ ওই শিশুকে পুঁইশাক দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে মাঠের ভেতরে নিয়ে যায়। পরে পাটখেতের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে ওই শিক্ষার্থী ভয়ে কাউকে কিছু না বলে চুপচাপ ছিল। হঠাৎ তার পেটে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পাশের এক নারী বুধবার (২৩ জুন) ওই শিক্ষার্থীর মাকে জানান, তাদের মেয়েকে মুকুল শেখ পাটখেতে নিয়ে গিয়েছিল। এরপর ভুক্তভোগীর বড় বোন তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে নিশ্চিত হন এবং বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বলেন, আমার বোন ফুফু বাড়ির সামনে রাস্তায় বসে খেলছিল। পরে তাকে পুঁইশাক দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। একই সঙ্গে আমাদের পরিবারের নিরাপত্তা চাই।

অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আসামির বাড়িতে তালা লাগানো রয়েছে, তিনি পলাতক রয়েছেন।

সারাদেশ

আরও পড়ুন