প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ময়না ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পদপ্রত্যাশী উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান প্রায় রাত সাড়ে সাতটা পর্যন্ত পরিচালনা হয়।
ময়না ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দোকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন এবং দুঃসময়ে দলের পাশে থেকেছেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হবে। কোনো সুবিধাবাদী বা সুযোগসন্ধানী ব্যক্তির দলীয় কমিটিতে স্থান হবে না।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে আনতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রকৃত বিএনপির আদর্শে বিশ্বাসী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই নতুন কমিটি গঠন করা হবে। শুধু সুসময়ে পদ পাওয়ার আশায় দলে সক্রিয় হওয়া কিংবা ব্যক্তিস্বার্থে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্যক্তিদের কোনোভাবেই কমিটিতে রাখা হবে না। যারা নির্বাচনের সময় সামান্য অর্থের বিনিময়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বা দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের নতুন নেতৃত্বে স্থান দেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেন।
এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি ইতি মধ্যে জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরাও সম্মেলনে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্মেলন শেষে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।