• ঢাকা
  • মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ , রাত ০৩:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বাবার দেশে ফেরার তিন দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ বছরের ফারদিনের

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বাবার দেশে ফেরার তিন দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ বছরের ফারদিনের প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাবা সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মাত্র তিন দিন আগে। পরিবারে ছিল আনন্দের আবহ। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বৈদ্যুতিক মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই বছর দুই মাস বয়সী শিশু ফারদিনের। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফারদিন চুকিনগর গ্রামের সৌদি আরবপ্রবাসী তারিকুল ইসলাম মন্ডলের ছেলে। পরিবারের আদরের একমাত্র শিশুর আকস্মিক মৃত্যুতে মুহূর্তেই আনন্দের বাড়ি পরিণত হয়েছে শোকের বাড়িতে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা জানান, সকালে ফারদিনের দাদা তুরাপ মন্ডল ও দাদি সালেহা বেগম বাড়ির উঠানে পেঁয়াজ পরিষ্কার করছিলেন। পেঁয়াজের খোসা উড়িয়ে পরিষ্কারের জন্য সেখানে একটি বৈদ্যুতিক ফ্যান চালু করা হয়। ফ্যানটির সংযোগ দেওয়া ছিল একটি মাল্টিপ্লাগে।

এরই মধ্যে খেলতে খেলতে ফারদিন সেখানে গিয়ে মাল্টিপ্লাগে হাত দেয়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। স্বজনরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর দাদা তুরাপ মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফারদিন আমার আদরের নাতি ছিল। আমার ছেলে মাত্র তিন দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। এখন ছেলেকে কীভাবে সান্ত্বনা দেব, বুঝতে পারছি না।

শিশুটির নানা মিজানুর রহমান বলেন,  ফারদিন আমাদের চোখের মণি ছিল। এত ছোট বয়সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, কখনো ভাবিনি। ওর বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি অসাবধান মুহূর্তে নিভে গেল একটি নিষ্পাপ প্রাণ। ফারদিনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে শিশুদের নাগালের বাইরে মাল্টিপ্লাগ, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন