প্রিন্ট ভিউ
মোঃ টিপু সুলতান খাঁন, ভ্রাম্যমাণ রিপোর্টার: গোপালগঞ্জের মুকসুদপুরে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে দুর্ঘটনা ঘটেছে। বহরে থাকা একটি ডলফিন গাড়ির ব্রেক বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে বহরের দুটি গাড়ি ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ৫ মিনিটের দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরে থাকা একটি ডলফিন গাড়ির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বহরে থাকা ঢাকা মেট্রো-২৯-৩৪৯৪ ও ঢাকা মেট্রো-ঘ-১১-৮৬০৮ নম্বরের দুটি গাড়ি এবং একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের শারীরিক অবস্থার বিষয়ে জানা যায়, তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন।
এদিকে একই সময়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বাসিন্দা ইলিয়াস কাজী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের বিস্তারিত অবস্থা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।