প্রিন্ট ভিউ
নিজেস্ব প্রতিনিধি : একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল ঐতিহ্যবাহী লাঠিখেলা। সময়ের পরিবর্তনে সেই সংস্কৃতি হারিয়ে যেতে বসলেও গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোহনপুর শিবানন্দপুর মডেল মাদরাসা। প্রতিষ্ঠানের ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঐতিহ্যবাহী লাঠিখেলা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাদরাসা মাঠে লাঠিখেলা দেখতে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। লাঠিয়ালদের হাতে লাঠির দ্রুত ঘূর্ণন, আক্রমণ-পাল্টা আক্রমণের কৌশল আর ছন্দময় শারীরিক কসরত দেখে মুগ্ধ হন দর্শকেরা। কখনো লাঠির ঠকঠক শব্দে, কখনো দর্শকদের করতালি আর হাকডাকে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। লাঠিয়ালদের প্রতিটি চমকপ্রদ কৌশলে দর্শকদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
লাঠিখেলায় অংশ নেন মধুখালী উপজেলার গহেশপুরের লাঠিয়াল বাহিনীর প্রধান ওমর আলী সরদার এবং ফরিদপুরের চাঁদপুর এলাকার আবুল সরদারের নেতৃত্বাধীন অপর একটি দল। দুই দলের লাঠিয়ালরা নিজেদের দক্ষতা, সাহস ও কৌশলের সমন্বয়ে দর্শকদের সামনে তুলে ধরেন গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এক অনন্য লোকজ ঐতিহ্য।মাদরাসার ১৮ বছর পূর্তি উপলক্ষে লাঠিখেলার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক কবীর মোল্লা, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত দর্শকেরা। তাঁদের মতে, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব খেলার পরিচয় তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।