প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যায় ‘শেখ হাচান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের উপসহকারী ইমরান শেখ এক সেবাগ্রহীতার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার পর নগদ টাকা গ্রহণ করছেন।
ভিডিওতে শোনা যায়, সেবাগ্রহীতার নাম বাহারুল আলম, গ্রামের নাম সাতৈর এবং পিতার নাম সৈয়দ আবু হাসান। কথোপকথনের একপর্যায়ে উপসহকারী ইমরান শেখ মূল দলিল পরে জমা দিতে বলেন এবং নগদ ৫ হাজার টাকা গুনে গ্রহণ করেন। তিনি সেবাগ্রহীতাকে আশ্বস্ত করে বলেন, ওই রাতেই আবেদন প্রস্তুত করবেন এবং পরবর্তী সপ্তাহে জমা দিয়ে দুই সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন করে দেবেন।
এ সময় সেবাগ্রহীতা সহকারী কমিশনার (ভূমি)-এর প্রশংসা করলে উপসহকারী ইমরান শেখ বলেন, “উনিও ৪০ বিসিএসের, আমিও ৪০ বিসিএসের। তবে আল্লাহর ইচ্ছায় তিনি ক্যাডার হয়েছেন, আমি নন-ক্যাডার হয়েছি।”
ভিডিওতে থাকা কথোপকথন থেকে ধারণা করা হচ্ছে, সেবাগ্রহীতা জমির মিউটেশন সংক্রান্ত সেবা নিতে এসেছিলেন এবং সেই কাজ করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেওয়া হয়।
প্রকাশিত ভিডিওতে থাকা মোবাইল নম্বর (০১৩১৪-৮২৯১৩৯)-এ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেবাগ্রহীতা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, উপসহকারী ইমরান শেখের ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭০৩-২৬৬২৯৭)-এ যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তারও কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, আমি রাত ৮টার দিকে ভিডিওটি দেখেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি এবং আমার প্রতিবেদন পাঠিয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।