প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: “তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন; দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌরসভার ছোলনা মাদরাসায় আসরের নামাজ শেষে যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি হাফেজ সৈয়দ সাজ্জাদ হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাহমুদুল হাসান, সেক্রেটারি মো. গিয়াস উদ্দিন, সহসভাপতি আমিমুল এহসান, পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন; দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে দেশের যুব সমাজকে দক্ষ, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ নির্মূলে যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য যুব সমাজকে নৈতিক শিক্ষা ও দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় যুব সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।