প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দ্রুতগতির অটোভ্যান চালানোর প্রতিবাদ করায় সাংবাদিক মো. ইলিয়াস মোল্যার ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার চৌরাস্তা এলাকায় আজম খানের কসমেটিকস দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলায় লোহার পাইপ ও লাঠিসোটা দিয়ে মারধর করে তাকে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আহত সাংবাদিক মো. ইলিয়াস মোল্যা নতুন দিন পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি এবং পৌরসভার ছোলনা গ্রামের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চৌরাস্তা এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী অটোভ্যান এসে দাঁড়িয়ে থাকা অপর একটি অটোভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা এক নারী যাত্রী আহত হন। ঘটনাটি দেখে সাংবাদিক ইলিয়াস মোল্যা অটোভ্যান চালক শাকিলকে সতর্ক করে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর কথা বলেন।
এ নিয়ে অটোভ্যান চালক শাকিলের সঙ্গে ইলিয়াস মোল্যার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চালক শাকিল কয়েকজন লোককে ডেকে আনেন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক। পরে তারা লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে ইলিয়াস মোল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং রক্তাক্ত জখম হন।
আহত সাংবাদিক ইলিয়াস মোল্যা বলেন, দ্রুতগতির একটি অটোভ্যান দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দিলে একজন নারী যাত্রী আহত হন। বিষয়টি দেখে আমি চালককে গতি কমিয়ে গাড়ি চালাতে বলি। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে সে কয়েকজন লোক এনে আমার ওপর হামলা চালায়। তারা লাঠি ও লোহার পাইপ দিয়ে আমাকে মারধর করে আহত করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার গুরুত্বপূর্ণ ও ব্যস্ত চৌরাস্তা এলাকায় অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ে প্রায়ই পথচারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা যায়। এ ঘটনায় একজন নারী যাত্রী আহত হওয়ার পর গতি নিয়ন্ত্রণের কথা বলাকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে অভিযোগে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হামলার ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।