প্রিন্ট ভিউ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: সারা দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার বিপুলভাবে বিএনপিকে ভোট দিয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের পলাশ বিশ্বাসের বাড়িতে আয়োজিত মহাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এবার সারা বাংলাদেশের হিন্দু ভাই-বোনেরা একচেটিয়াভাবে বিএনপিকে ভোট দিয়েছেন। তাদের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। স্বৈরশাসক শেখ হাসিনার আমলের চেয়েও বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তি ও নিরাপত্তায় থাকবে। তারা নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো ধরনের হুমকি বা হয়রানির শিকার হলে বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবেন। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লার সমালোচনা করে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ-এর সাব-জোনাল অফিসে গিয়ে জেনারেল ম্যানেজারকে না পেয়ে কর্মচারীদের হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি ফেসবুকে প্রকাশ করা হয়েছে। তার মতে, এ ধরনের বক্তব্য উস্কানিমূলক এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আলফাডাঙ্গা ও বোয়ালমারী এলাকায় বিদ্যুতের লোড বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে। তার দাবি, তিনি নির্বাচিত সংসদ সদস্য না হলেও আগে এলাকায় বিদ্যুতের সক্ষমতা ৭ মেগাওয়াট বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। পর্যায়ক্রমে লোডশেডিং আরও কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মহাকীর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা। অনুষ্ঠানের আয়োজন করেন পলাশ বিশ্বাস। এ সময় বিএনপির নেতাকর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত থেকে মহাকীর্তন শ্রবণ করেন।